পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সক্রিয় একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এ চক্র প্রতারণায় লিপ্ত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে এমন বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে, যেখানে প্রতারকরা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম, ছবি এবং পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। ফোনকল ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, ‘সাধারণ মানুষ যেন এমন কোনো বার্তা বা ফোন কল পেলে যাচাই-বাছাই না করে বিশ্বাস না করেন। পুলিশের পরিচয়ে সন্দেহজনক আচরণ দেখলে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় জানান।’

তিনি আরও জানান, প্রতারকদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং কারও সঙ্গে এ ধরনের প্রতারণা হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *