আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর মতে, এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে আর কখনোই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপির পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড (উত্তর ও দক্ষিণ) শাখা।

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, “টালবাহানা না করে ডিসেম্বরে নির্বাচন দিন। অন্যথায় বাংলাদেশ বিদেশি প্রভুদের অধীন হয়ে যাবে।” তিনি দাবি করেন, আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে সেটি আর কখনো হবে না।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, “জাপানে বসে বিএনপির বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন, তা দায়িত্বজ্ঞানহীন। তিনি নিজেই ডিসেম্বরে নির্বাচনের কথা প্রথম বলেছেন, অথচ এখন বিএনপিকেই দায়ী করছেন।”

সম্প্রতি বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “বৈঠক শেষে তাঁর প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, জুনে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারির বক্তব্য আর তাঁর নিজের বক্তব্য এক নয়।”

জিয়াউর রহমানের শাসনামলের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান যে মৌলিক সংস্কার করেছেন, তা বর্তমান সরকার কখনোই করতে পারবে না।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংস্কারের নামে বিদেশি নাগরিকদের ‘আমদানি’ করছে, যাদের দেশের প্রতি দায়বদ্ধতা নেই।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি হাতে দেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “বিদেশিরা টাকা বাংলাদেশে রাখবে না। দেশের মানুষই এই টার্মিনাল চালাতে সক্ষম। বাইরের লোক দরকার নেই।”

সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি আরও বলেন, “সেন্ট মার্টিনে মানুষ বাঁচার মতো পরিস্থিতিতে নেই। সেখানে কী এমন ঘটেছে যে এখন বাংলাদেশি নৌকা যেতে পারে না? সাজেকেও কী ঘটছে, আমরা জানতে চাই।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *