গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে সংঘবদ্ধ হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলি গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাসের যোদ্ধারা, একটি পরিকল্পিত ফাঁদের মাধ্যমে ইসরাইলি বাহিনীকে অরক্ষিত অবস্থায় ফেলে তাদের পরাস্ত করে। ইসরাইলি গণমাধ্যম জানায়, একটি ভবন ধসে পড়লে ওই সেনারা প্রাণ হারান। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

ঈদের দিনেও গাজায় সহিংসতা থামেনি। খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্থানীয় গণমাধ্যম।

ঈদের আগের দিন ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার হাসপাতাল সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৫,৫৩০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বাস্তবচিত্র আরও ভয়াবহ। তাদের হিসেবে ৬১,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *