মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল একে অপরের রাজধানী শহরের বাসিন্দাদের সরাসরি হুমকি দিচ্ছে।

আজ সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের তেল আবিব শহরের নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, “নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে হবে।” খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।

এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইসরায়েলও তেহরানের একটি বড় এলাকায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন,

“আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এই এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, ইরানের সামরিক অবকাঠামো ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো হবে এই অভিযানের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *