শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালের রূপে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

নতুন বলে শুরুর আঘাত হানেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বল করে শ্রীলঙ্কান ব্যাটারদের শুরুতেই চাপে ফেলেন তারা। চতুর্থ ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন তানজিম। তার বাড়তি বাউন্স করা ডেলিভারিতে ওপেনার মাদুস্কা স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। মাত্র ১ রান করা মাদুস্কার বিদায়ে ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি।

প্রথম উইকেট হারালেও তিন নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেন অপর প্রান্তের পাথুম নিশাঙ্কা। দুজনে মিলে গড়েন প্রতিরোধ। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫১ রান।

তবে জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন তানভীর ইসলাম। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা এই বাঁহাতি স্পিনার ১৫তম ওভারে ফেরান ৩৫ রান করা নিশাঙ্কাকে। পারভেজ ইমনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *