সাংবাদিক মুন্নি সাহা, তাঁর মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন এবং ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, মুন্নি সাহা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এই অর্থ অবৈধভাবে অর্জিত এবং তা বিদেশে পাচারের প্রচেষ্টা চলছিল।

আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাবে মোট স্থিতির পরিমাণ প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক।

আদালত শুনানি শেষে দুদকের আবেদনে সাড়া দিয়ে ব্যাংক হিসাবগুলো জব্দের নির্দেশ দেন।

এর আগে, গত ৩ জুন একই আদালত মুন্নি সাহা, তাঁর মা, স্বামী কবির হোসেন, এবং দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *