রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে। প্রাপ্তবয়স্ক চারজন বর্তমানে রিমান্ডে রয়েছেন।

রিয়াদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং বাগছাস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য। চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপু ও রিয়াদ—দুজনকেই সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই জানে আলম অপু ও রিয়াদ গুলশান-২-এর একটি বাসায় গিয়ে নিজেদের সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে, বাদীকে আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর বলে আখ্যায়িত করে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। ওই সময় আতঙ্কে বাদী ১০ লাখ টাকা দেন। পরে ১৯ জুলাই বাকি অর্থের জন্য আবারও তারা যান এবং ২৬ জুলাই স্বর্ণালঙ্কার নিতে গেলে পুলিশ তাদের আটক করে। এ সময় অপু পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ছয়জনকে আসামি করে গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *