সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

আজ সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার বলেন, ‘আদালত ডেথ রেফারেন্স অনুমোদন করে এবং আসামিদের আপিল খারিজ করে দিয়েছেন।’

অন্যদিকে প্রদীপের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, ‘রায়ের প্রত্যয়িত অনুলিপি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।’

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয়জন হলেন—সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, মারিশবুনিয়ার নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকারসহ অন্যান্য আইনজীবী এবং আসামিপক্ষে মনসুরুল হক চৌধুরী ও এস এম শাহজাহান শুনানিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *