ঈদুল আজহার আগমুহূর্তে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ ভরিতে প্রায় ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, শুক্রবার (৬ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম: ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা (বৃদ্ধি ২,২৯৭ টাকা), ১৮ ক্যারেট স্বর্ণের দাম: ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা (বৃদ্ধি ১,৯৭১ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম: ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা (বৃদ্ধি ১,৬৯১ টাকা)

এর আগে সর্বশেষ ২১ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখনও দাম ভরিতে ২,৮২৩ টাকা বাড়ানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ৩৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে বাজুস। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে, আর ১২ বার কমেছে। গত ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে দামের উর্ধ্বগতি, ডলার সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে ঘন ঘন স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে। তবে ঈদের আগে মূল্যবৃদ্ধির কারণে বিয়ে বা কোরবানির খরচ মেটাতে অনেকেরই অতিরিক্ত চাপ পড়বে বলে মনে করছেন ভোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *