ছবি: সংগৃহীত

শেরপুর জেলা রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি ও দলিল করতে এসে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা (৮৩) ও তার স্ত্রী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

ছবি: সংগৃহীত

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। জনতা উত্তেজিত হয়ে পড়ায় পরিস্থিতি শান্ত রাখতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি পাজেরো গাড়িতে করে সাবেক মন্ত্রী ও তার স্ত্রী জেলা রেজিস্ট্রি অফিসে আসেন। জমি বিক্রি সংক্রান্ত দলিলের কাজ চলাকালে স্থানীয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন এবং তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তারা ‘অবৈধ জমি দখলকারী’ অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হীরা দম্পতিকে নিরাপদে উদ্ধার করে।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল দাবি করেন, “সাবেক মন্ত্রী দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে রেখেছিলেন। আজ তা বিক্রি করতে এসে জনগণের প্রতিরোধের মুখে পড়েছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

একই দাবি জানান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি ও সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ।

শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “সাবেক মন্ত্রী ও তার স্ত্রী দুজনেই বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি ব্যক্তিগত কাজে শহরে এসেছিলেন। জনতার জমায়েত বড় হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা তাদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *