ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চারদিন আন্দোলনের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় আন্দোলনরত কর্মচারীরা। ফলে বুধবার নির্ধারিত কর্মসূচি আর হচ্ছে না।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন পাঁচজন সচিব, যাদের নেতৃত্ব দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বৈঠক শেষে তিনি জানান, “মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনার জন্য আগামীকাল (বুধবার) সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আন্দোলন আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।”

বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করছি। তবে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে আবারও কর্মসূচি শুরু হবে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের মাধ্যমে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে গত রোববার সন্ধ্যায় সরকার এই অধ্যাদেশ জারি করে।

এর প্রতিবাদে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা গত চার দিন ধরে দফায় দফায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এতে বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেন এবং সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *