ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা জয়ের উদ্‌যাপনে জমায়েত হওয়া মানুষের ভিড়ে এক গাড়ির ঢুকে পড়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করেছে। তবে কর্তৃপক্ষ বলছে, এটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কোনো ঘটনা নয়।

মার্সিসাইড পুলিশের সহকারী চিফ কনস্টেবল জেনি সিমস সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মনে করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে আর কেউ জড়িত এমন কোনো তথ্য আমাদের হাতে নেই।”

তিনি আরও বলেন, “ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না।”

উত্তর-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিস এনএইচএস ট্রাস্টের প্রধান ডেভিড কিচিন জানান, অন্তত ২৭ জন ফুটবল সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন। আরও প্রায় ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আরও অনেকেই স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছেন বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, একটি গাঢ় রঙের গাড়ি হঠাৎ করে জনতার ভিড়ে ঢুকে পড়ে এবং গতি বাড়িয়ে সামনে এগিয়ে যায়। একজন মানুষকে আকাশে ছিটকে পড়তে এবং অনেককেই পড়ে যেতে দেখা যায়। এরপর উত্তেজিত জনতা গাড়িটির পেছনের জানালা ভেঙে ফেলেন, যদিও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে পুলিশ এখনো জানায়নি, কীভাবে বন্ধ সড়কপথ অতিক্রম করে গাড়িটি জনতার মাঝখানে পৌঁছে যায়। সেই সময় লিভারপুলের রাস্তাগুলো উদ্‌যাপন উপলক্ষে বন্ধ ছিল এবং হাজার হাজার মানুষ প্রবল বৃষ্টির মধ্যেও উৎসবে অংশ নিয়েছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, “পুলিশ ও অন্যান্য জরুরি সেবাদানকারীদের অসাধারণ সাহসিকতা প্রশংসনীয়। তারা আহতদের সেবা ও সহায়তা করছেন।”

তিনি আরও বলেন, “এই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে পুরো দেশ লিভারপুলবাসীর পাশে আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *