দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে চোখ হারানো আহতদের প্রতি দায় এড়িয়ে যেতে পারত না বলে মন্তব্য করেছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি । তিনি বলেন, কেবল জনগণের স্বার্থেই বিএনপি নির্বাচন চায়। কেন চায়, কী কারণে চায়, তা জনগণের উপলব্ধি করা উচিত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে আহত চারজনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল।

এ্যানি অভিযোগ করে বলেন, জুলাইয়ে আহতদের প্রতি সরকারের আচরণ ছিল তাচ্ছিল্যমূলক। আহতদের পাশে সরকার না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। তাঁর ভাষায়, এই ঘটনার দায়ভার সরকার এড়াতে পারে না। সরকারের উচিত ছিল একটি বিশেষ সেল গঠন করে আহতদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা। কিন্তু সরকার তা না করে ঘটনাটিকে এড়িয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বিএনপির প্রত্যাশা ছিল, আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। বরং এ বিষয়ে উদাসীনতা লক্ষ্য করা গেছে, যা অমানবিক বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় এ্যানি গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় কারা দায়ী, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *