মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নতুন ভিসানীতির আওতায় চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের টার্গেট করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, “নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়”—এই নীতির আলোকে পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর লক্ষ্য হলো, চীনা শিক্ষার্থীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা প্রযুক্তি খাতে সম্ভাব্য হুমকি রোধ করা।

এ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কড়া অভিবাসন নীতিরই অংশ। দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন এই পদক্ষেপের মাধ্যমে সেই অবস্থান আরও জোরালোভাবে প্রকাশ পেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, চীন ও হংকং থেকে আগত শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কঠোরতা আরোপ করা হবে এবং ভিসার শর্তাবলি নতুন করে পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশ ছিল চীনা নাগরিক। এই সিদ্ধান্তে দেশটির উচ্চশিক্ষা খাতে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *