ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহণের একটি বাসের হেলপারের বিরুদ্ধে। সোমবার বিকেল ৪টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাস থেকে নামার সময় হেলপার ভুক্তভোগী ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ওই ছাত্রী তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পক্ষ থেকে যোগাযোগ করা হয় শুভযাত্রা পরিবহণের সাভার অঞ্চলের লাইনম্যান মাসুদুর রহমানের সঙ্গে। রাত ৯টার দিকে তিনি ক্যাম্পাসে এসে প্রশাসনের সঙ্গে দেখা করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির আরও দুটি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এসময় বাস দুটি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড় করিয়ে চাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

শুভযাত্রা পরিবহণের লাইনম্যান মাসুদুর রহমান বলেন, “একজন হেলপার ছাত্রীকে ধাক্কা দিয়েছেন এমন অভিযোগ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে এসেছি। যে হেলপার অভিযুক্ত, তাকে শনাক্ত না করা পর্যন্ত আমাদের অন্য দুটি বাস চলাচল বন্ধ থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। বাস মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ হয়েছে। আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে অভিযুক্তকে শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *