ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিলন ও এক নারী যাত্রী। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপরজন হলেন যশোর উপশহরের সারথী মিল এলাকার বাসিন্দা জুই (৩০), যিনি লিটন হোসেনের স্ত্রী।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের বাসিন্দা মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ভোরে যশোর শহর থেকে একটি প্রাইভেটকারে বেনাপোলের দিকে যাচ্ছিলেন চারজন। পথিমধ্যে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন ও জুই।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মামুন ও মাসুদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *