রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। আদালতের কোতোয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তানভীর মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন আসামি মাহমুদুল হাসান মহিনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। একইভাবে, অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনির তারেক রহমান রবিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিন এবং তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন পাকা সড়কে একদল সন্ত্রাসী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশ নিজ উদ্যোগে একটি অস্ত্র মামলাও দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *