পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সবচেয়ে জরুরি বিষয় হলো রাজনৈতিক অঙ্গীকার—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য জনগণের মধ্য থেকেই দাবি উঠতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে যে কোনো কঠিন কাজ সম্ভব।’

রবিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘প্রায় আট কোটি মানুষের জীবন ও জীবিকা এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সাতবার সম্ভাব্যতা যাচাইয়ের পরও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি জানান, ‘ফারাক্কা ব্যারেজের প্রভাব শুধুমাত্র ফরিদপুর নয়, এটি গোটা দক্ষিণাঞ্চলের সমস্যা। ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।’

দক্ষিণাঞ্চলের বহু এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ায় মানুষ বাধ্য হয়ে অন্যত্র চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি গুরুতর সামাজিক ও পরিবেশগত সংকট।’

বিএনপির পক্ষ থেকে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার কথাও জানান ফখরুল। তিনি বলেন, ‘জনগণের জীবিকা ও উন্নয়নের প্রশ্নে বিএনপি সবসময় সচেতন থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *