ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও সিবিসি নিউজ।

সিএনএন জানায়, ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত ত্রুটির কারণে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটিতে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একজন সামান্য আহত হয়েছেন।

ফ্লাইটটি ডেনভার থেকে মায়ামি যাওয়ার কথা ছিল। উড্ডয়নের আগে রানওয়েতে অবস্থানের সময়ই ত্রুটি দেখা দেয়। সিবিসির বরাতে জানা যায়, যাত্রী মার্ক সুর্কিস একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায়, যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত উড়োজাহাজ ত্যাগ করছেন। এ সময় উড়োজাহাজের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছিল।

মার্ক সুর্কিস সিবিসিকে বলেন, ‘বিমানটি যখন গতি বাড়াচ্ছিল, তখন আমরা একটি বিকট শব্দ শুনি এবং বুঝতে পারি কিছু একটা ভুল হচ্ছে।’

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, পরে যাত্রীদের একটি বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের আগে উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এক সমস্যার মুখে পড়ে, যা চাকা সংশ্লিষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *