ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৭। এর পরপরই জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এই সতর্কতার অংশ হিসেবে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, উত্তর-পূর্ব জাপানে অবস্থিত ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্রটি সুনামি সতর্কতার কারণে খালি করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, “আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি।” তবে তারা আশ্বস্ত করেছে যে পারমাণবিক স্থাপনাটিতে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা কেন্দ্রের পাওয়ার ও কুলিং সিস্টেম বিকল হয়ে যায়, যার ফলে তিনটি রিঅ্যাক্টর গলে যায় এবং এটি জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ে রূপ নেয়।

রাশিয়ায় আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার ভোরে কামচাটকা অঞ্চলে সংঘটিত হয়। এতে উপকূলীয় এলাকায় প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। কিছুক্ষণ পর একই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩।

ভূমিকম্পের পর জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সুনামির সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হোক্কাইডোর উত্তরের উপকূলে সকাল ১০টার পর ঢেউ দেখা দিতে পারে এবং সেটি দক্ষিণে অগ্রসর হতে পারে।

যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, “গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।” ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেছেন, পরিস্থিতি গুরুতর এবং এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যুক্তিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *