ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় গভর্নর ভ্লাদিমির সলোডভ।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এর কিছু সময় পরই একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরাংশে ঢেউ শুরু হতে পারে এবং তা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানও সুনামির সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কায় কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেছেন, পরিস্থিতি গুরুতর এবং এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যৌক্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *