ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রশাসন এসব কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত ছিল, যা নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর আওতায় নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব লেনদেনের মাধ্যমে ইরান সরকার মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিচ্ছে, সন্ত্রাসবাদে অর্থায়ন করছে এবং নিজ দেশের জনগণের ওপর দমন চালাচ্ছে।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়াতে তাদের তেল বিক্রির রাজস্ব ব্যবহার করছে। আজকের এই পদক্ষেপের লক্ষ্য সেই অর্থপ্রবাহ বন্ধ করা, যা বিদেশে সন্ত্রাসবাদে অর্থায়ন ও দেশের জনগণের দমন-পীড়নে ব্যবহৃত হয়।”

নিষেধাজ্ঞার আওতায় যেসব ভারতীয় কোম্পানির নাম এসেছে, সেগুলো হলো: অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার।

এসব কোম্পানি নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর ধারা ৩(এ)(৩) অনুযায়ী “ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের উল্লেখযোগ্য লেনদেনে সচেতনভাবে জড়িত থাকার” কারণে নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ জব্দ থাকবে। একইসঙ্গে যেসব প্রতিষ্ঠান এসব কোম্পানির ৫০ শতাংশ বা তার বেশি শেয়ারে মালিক, তারাও নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, দেশটির কোনো ব্যক্তি বা সিস্টেম ব্যবহার করে এসব কোম্পানির সম্পদ বা স্বার্থসম্পন্ন কোনো লেনদেন নিষিদ্ধ। একইভাবে, এই কোম্পানিগুলোকে অর্থ, পণ্য বা সেবা দেওয়া এবং তাদের পক্ষ থেকে তা গ্রহণ করাও নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *