ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে বিএনপির আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার দুপুর ১২টার দিকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ।

স্থানীয় সূত্র জানায়, সকালে থেকেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুঙ্গি বিতরণ চলছিল। সাড়ে ১১টার দিকে বিতরণ কার্যক্রম ঘিরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হট্টগোলে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি হাফিজ বলেন, “পোশাক বিতরণ ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে আমাদের উপস্থিতিতে দুই পক্ষ বসে আলোচনা করে, পরে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”

তিনি জানান, কেউ গুরুতর আহত হয়নি এবং পুলিশ কাউকে আটকও করেনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হকও উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা অসন্তোষ দেখা গেলেও অনুষ্ঠান শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *