ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রলারটি হাতিয়ার কাছাকাছি এসে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের মধ্যে ট্রলারটি একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। স্থানীয় তিনটি নৌযানের সহায়তায় ৩২ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন জানান, “ভাসানচর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। তীরের কাছাকাছি এসে দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার অভিযান চলমান রয়েছে।”

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, “বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে। উদ্ধারকাজে নৌবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা অংশ নিয়েছেন।”

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *